যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)’র ৪০তম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬। গত বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় ফ্লেভার অব ইন্ডিয়া রেস্তোরাঁয় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ফোবানা এবং সাউথ ফ্লোরিডার গণ্যমান্য ব্যক্তিবর্গের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক, এফবিনিউজ২৪সেভেন এর চেয়ারম্যান এবং বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার প্রধান উপদেষ্টা নাঈম খান দাদন।

এ সময় তিনি বলেন, “ফ্লোরিডা আজ এক অভিন্ন এলাকা, বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান এবং বাংলাদেশীদের যেকোনো অনুষ্ঠানের সংবাদ শোনার পর মনে হয় আরেকটা আনন্দের দিন আসছে।”

অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয় স্থানীয় সুপরিচিত ব্যক্তিত্ব সবার পরিচিত এম কে আলমকে। তাঁর সাবলীল ও অসাধারণ সঞ্চালনা সবাইকে মুগ্ধ করে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ৩১তম ফুড ফেয়ারের সাধারণ সম্পাদক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার সভাপতি এ বি এম মোস্তফা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ কামাল ভূঁইয়া, আব্দুল কাদের সরকার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার কর্ণধার ও ৩১তম ফুড ফেস্টিভ্যালের আহ্বায়ক আওয়াল দয়ান, এফবিনিউজ২৪সেভেন-এর সম্পাদক টিটন মালিক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার কর্ণধার এবং ৩১তম ফুড ফেস্টিভ্যালের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোরশেদ, বিশিষ্ট ব্যবসায়ী আকরাম হোসেন, এবিপেক সভাপতি ইমন করিম, বিশিষ্ট ব্যবসায়ী জি এম মোর্শেদ, ফেমাস সংগীতশিল্পী কে জামান বাবু, সোহরাব হোসেন, দিপু জামান, অসীম রায়, টিটু ইসলামসহ ফোবানা হোস্ট কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন সেন্টু, চিফ অ্যাডমিনিস্ট্রেটর আসিফ কাজী খোকন, ইভেন্ট কনভেনর এ কে এম হোসেন হিটু, চিফ কোঅর্ডিনেটর নাজিম উদ্দিন লিটন, ভাইস প্রেসিডেন্ট শামস আহমেদ শোভন, কো-কনভেনর এমডি শফি, কো-কনভেনর বাহার হোসেন এবং মিডিয়া চেয়ারম্যান বখতিয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় জানানো হয়, ফ্লোরিডার অরল্যান্ডোর কিসিমি শহরের থিম পার্কসংলগ্ন ‘হলিডে ইন রিসোর্ট’-এ তিন দিনব্যাপী এ কনভেনশন অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয় ফোবানা সফল করাটাই মূল লক্ষ্য।

এবারের আয়োজনটি ফোবানার ৪০তম সম্মেলন, যা উত্তর আমেরিকায় বাংলাদেশি কমিউনিটির জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সেপ্টেম্বর মাসের এই অনুষ্ঠানকে ঘিরে এরই মধ্যে বাঙালি কমিউনিটির মধ্যে উৎসবের আমেজ দেখা দিয়েছে।

এবারের কনভেনশনের আয়োজক বাংলাদেশ সমিতি অব সেন্ট্রাল ফ্লোরিডা (Bangladesh Shomiti of Central Florida)। সহযোগী হিসেবে রয়েছে Bangladesh Society of Central Florida, Central Florida Sports Club Inc., Association of World Fair and Fest USA Inc. এবং Bangladesh Association of Florida।

সম্মেলনে বাংলাদেশ ও উত্তর আমেরিকার জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, উপস্থাপক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন। এ ছাড়া দেশের বিনোদন জগতের একাধিক পরিচিত মুখের উপস্থিতির ঘোষণা দেওয়া হয়েছে, যা ইতিমধ্যেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

আয়োজকরা জানান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত পরিবেশনা, নৃত্য, ফ্যাশন শো, ব্যবসায়িক নেটওয়ার্কিং, কমিউনিটি সংলাপ এবং পারিবারিক বিনোদনসহ নানা আয়োজন থাকবে এবারের কনভেনশনে। এ ছাড়া শিশু-কিশোরদের জন্যও থাকবে বিশেষ কর্মসূচি।

সম্মেলনে অংশগ্রহণের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে। পোস্টারে দেওয়া কিউআর কোড স্ক্যান করে অথবা আয়োজকদের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নিবন্ধন করা যাবে।

প্রতিবছরের মতো এবারও ফোবানা কনভেনশন যুক্তরাষ্ট্র ও কানাডাসহ উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজারো প্রবাসী বাংলাদেশিকে একত্রিত করবে বলে আশা করছেন আয়োজকরা। তাঁদের মতে, এ সম্মেলন প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।