ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুদামে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এছাড়াও অনেক আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২৯ আগস্ট) ভোরে এই হামলার হামলার পর ওই এলাকা থেকে শত শত মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তাকাচেঙ্কো বলেন, এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের মধ্যে দিমিত্রিভস্কা গ্রামের মেয়র তারাস দিদিচও রয়েছেন।

ইউক্রেনের প্রসিকিউটররা জানিয়েছেন, গুদামটিতে ‘বিস্ফোরক বস্তু’ সংরক্ষণ করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় তারা ফৌজদারি তদন্ত শুরু করেছেন।

প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত প্রায় ৮টা ১০ মিনিটে একটি ড্রোন কিয়েভের পশ্চিমে মিলা শহরের একটি প্রতিষ্ঠানের এলাকায় আঘাত হানে বা সেখানে বিধ্বস্ত হয়। এরপর সেখানে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণ শুরু হয়।

এদিকে হামলার পর কিয়েভ অঞ্চলের বুচা জেলায় জরুরি সেবাকর্মী ও স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে কাজ করছে। প্রধানমন্ত্রী সের্গেই কোরেটস্কি দুঃখ প্রকাশ করে বলেন, কিয়েভের কাছে ভিশনেভে এলাকায় জুলাই মাসে গোলাবারুদের গুদামে হওয়া আগের প্রাণঘাতী হামলার পরও কোনো ‘শিক্ষা’ নেওয়া হয়নি। সেই তদন্তে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটির গুরুতর গাফিলতি বেরিয়ে এসেছিল। আবাসিক ভবনগুলোর কাছাকাছি অবস্থান সত্ত্বেও তারা নিরাপত্তা মানদণ্ড মেনে চলেনি।