বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলে তাদের জ্ঞানের অভাব আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভোট ও ভালবাসায় বিএনপি আজ সংসদে দুই তৃতীয়াংশ আসল লাভ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসা ও ভোট নিয়ে আজ সংসদে দুই-তৃতীয়াংশ আসন লাভ করে সরকার গঠন করেছি। একবার নয়, বিএনপি পাঁচ-পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি।
উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী জানান, কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ অঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে শিল্পায়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।












