ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চে, ওইদিনই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে এই সংসদের প্রথম অধিবেশন বসার তারিখ জানিয়ে দেন।

তবে একদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অথবা এর দুই-তিনদিন আগে বসতে পারে বলে জানিয়েছিলেন।

এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন বিষয়ক সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী।

সে প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “জাতীয় সংসদ আহ্বান কবে করা যায় আলোচনা করেছি। এটা নির্ধারণ হয়েছে, রাষ্ট্রপতির আহ্বান নিয়ে যে প্রজ্ঞাপন যে সেশন হবে তার ১৫ দিন আগে প্রজ্ঞাপন করতে হয়। এই সামারিটা সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রী দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে।”

রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেটা নির্ধারণ হয়েছে মার্চের ১২ তারিখে। সে অধিবেশনে কার্যসূচি কী কী থাকবে সে বিষয়ে আলোচনা হয়েছে।” সে অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে বলে জানিয়েছেন তিনি।

“অন্তর্র্বতীকালীন সরকারের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সে গুলো উপস্থাপন করা হবে প্রথামাফিক। এছাড়া সংসদে রেগুলার যে সব কাজ সেটা হবে এসব নিয়ে আলোচনা হয়েছে।” প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন সে বিষয়ে কোন আলোচনা হয়নি বলেও এক প্রশ্নের জবাবে বলেন সালাহউদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসন পেয়েছে ২০৯টি। দলটির শরিক গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও গণসংহতি আন্দোলন একটি করে আসন পেয়েছে।

অপরদিকে ৬৮টি আসনে জয়ী হয়ে জামায়াতে ইসলামী বসছে বিরোধী দলে। ভোটে তাদের জোটের শরিক এনসিপি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি ও খেলাফত মজলিস পেয়েছে একটি আসন। দুই জোটের বাইরে ইসলামি আন্দোলন বাংলাদেশ আসন পেয়েছে একটি। বাকিরা স্বতন্ত্র হিসেবে জয়ী হয়েছেন।

ভোটের পরদিন ১৩ ফেব্রুয়ারি নির্বাচিতদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসে।

পুলিশের শীর্ষ পদে রদবদল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পুলিশের কিছু পরিবর্তন আসবে। সময় নিবে।”