সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ড্রোন (ইউএভি) প্রতিহত করার সময় সেটির ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। আজ বুধবার (১ এপ্রিল) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ফুজাইরাহ সরকারি মিডিয়া অফিস।

বুধবার (১ এপ্রিল) সকালে আল রিফা এলাকার একটি খামারে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম (ডব্লিউএএম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিশ্চিত করেছে।

ফুজাইরার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আল রিফা এলাকার ওই খামারে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করছে এবং ড্রোনের ধ্বংসাবশেষ পতনের ফলেই ওই বাংলাদেশি ব্যক্তির মৃত্যু হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আরব আমিরাতে এটি সাধারণ নাগরিকদের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ধারাবাহিকতারই একটি অংশ।

চলমান এই সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আরব আমিরাতের সামরিক বাহিনীর দুইজন সদস্য এবং সশস্ত্র বাহিনীর সাথে চুক্তিবদ্ধ একজন মরক্কো দেশের নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়া সাধারণ নাগরিকদের মধ্যে এখন পর্যন্ত পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ফিলিস্তিন ও ভারতের অন্তত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চরম অস্থিরতা বিরাজ করছে। এর আগে গত ২ মার্চ আজমানে এবং ৩১ মার্চ দুবাই ও আবুধাবিতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আমিরাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যাদের মধ্যে পাকিস্তান, নেপাল ও ভারতের পাশাপাশি বাংলাদেশি নাগরিকও রয়েছেন।