ঈদের সময় কোনো বাস কোম্পানি অতিরিক্ত ভাড়া নিলে তার রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (৫ মার্চ) আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিয়ে সভা শেষে মন্ত্রী এ কথা জানান। সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কোনো অবস্থাতে কোনো ধরনের অনৈতিক সুবিধা ঈদযাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠার সুযোগ নেই মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘ঈদযাত্রা উপলক্ষে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, এ বিষয়ে পরিবহন সেক্টরে যারা জড়িত সবাই তৎপর রয়েছে।’
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে দুই থেকে তিন কোটি মানুষ ঢাকা ছাড়বে। পৃথিবী এটিই একমাত্র দেশ, যেখান থেকে একসঙ্গে এত মানুষ একটি নগর ছেড়ে যায়।
তিনি জানান, এটার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। এবারের যাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় স্বস্তির হবে। সড়কে কোনো ধরনের চাঁদাবাজি হতে দেওয়া হবে না।’
এসি বাসের ভাড়া নির্ধারিত নেই, তারা ইচ্ছামতো ভাড়া নেয়- এ বিষয়ে মন্ত্রী বলেন, কোনো বাসেরই ইচ্ছেমতো ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। নির্ধারিত ভাড়া অনুমোদিত কি না, সেটা প্রশ্ন করতে পারেন। নির্ধারিত ভাড়া নেয়, ইচ্ছামতো কোনো ভাড়া নিতে পারে না।
আপনি কি তাহলে বলছেন ঈদের সময় কেউ অতিরিক্ত ভাড়া নিলে সেই বাস কোম্পানির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন? এমন প্রশ্নে শেখ রবিউল আলম বলেন, আসলে নয়, সত্যিকারে (ব্যবস্থা) নেবো। সেটা আপনারা দেখতে পাবেন।
কী ধরনের ব্যবস্থা নেবেন- এ বিষয়ে তিনি বলেন, যদি অতিরিক্ত ভাড়া নেয়, তবে রুট পারমিট বাতিল করা হবে। ওই ভাড়া নিতে গিয়ে যদি ফৌজদারি অপরাধ ঘটে থাকে, তাকে শাস্তির আওতায় আসতে হবে।












