বিএনপিকে নির্বাচনে বিজয়ী করার জন্য দেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের। আজ থেকে আমরা স্বাধীন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমি দেশের সব জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে আমরা দেশের গণতন্ত্রের পথ সুগম করেছি।
তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান ও দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি— এমন একটি পরিস্থিতির মধ্যদিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি।
তিনি বলেন, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দেড় দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং থাকব।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণকে কনভেন্সড করাটাই হলো আমাদের ‘ইঞ্জিনিয়ারিং’। ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আমরা আলহামদুলিল্লাহ সফল হয়েছি।
দেশ পরিচালনার কঠিন দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা এমন এক সময়ে দায়িত্ব নিতে যাচ্ছি যখন ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু করতে হচ্ছে। তবে জনগণের শক্তি সঙ্গে থাকলে কোনো বাধা আমাদের রুখতে পারবে না।
তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রপ্রিয় মানুষ আজ বিএনপিকে বিজয়ী করেছে। এ বিজয় কোনো একক দলের নয়, এ বিজয় দেশের সাধারণ জনগণের। আজ থেকে আমরা প্রকৃত অর্থেই স্বাধীন।
তিনি বলেন, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।
সরকারের দায়বদ্ধতা ও রাষ্ট্র সংস্কারের ওপর বিশেষ গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, নতুন সরকার হবে জনগণের কাছে সম্পূর্ণ জবাবদিহিমূলক এবং ফ্যাসিবাদের হাতে ধ্বংস হওয়া রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পুনরায় সচল করাই হবে আমাদের প্রাথমিক লক্ষ্য।
বিজয়-পরবর্তী এ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নির্বাচনের সঙ্গে যুক্ত থাকা ৫১টি রাজনৈতিক দলসহ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণঅধিকার পরিষদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান।












