কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্টার লাইন পরিবহনের বাসের ধাক্কায় প্রাইভেট কারের চালকসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার মিয়ামী হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা একই পরিবারের তিন জন সদস্য বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টার লাইন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে প্রাইভেটকার দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক নিহত হন। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় শিশুসহ প্রাইভেটকারের চার আরোহীকে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠানো হয়। হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন এ তথ্য নিশ্চিত করে জানান, প্রাইভেটকারটি ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছিল। নিহত মোমিন, ঝরনা ও শিশু লাবিবা একই পরিবারের এবং আরশাদ ওই প্রাইভেটকারের চালক ছিলেন বলে জানান ওসি।
পুলিশ জানায়, স্টারলাইন পরিবহনের বাসটি পেছন থেকে ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক আরশাদ ঘটনাস্থলেই নিহত হন।












