ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৯ জন নিহত।
রোববার (১ মার্চ) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ‘জিও নিউজ’।
প্রতিবেদেন বলা হয়, এই সহিংসতায় হতাহতের বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে হত্যার প্রতিবাদে করাচিতে অবস্থিত মাকিন দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা কনস্যুলেটের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরবর্তীতে এমটি খান রোড এলাকা থেকে প্রথমে ৬টি মরদেহ ও ১০ জন আহতকে করাচির সিভিল হাসপাতালে নেওয়া হয়।
পরে হাসপাতালের ট্রমা সেন্টার জানায়, মোট ৭টি মরদেহ ও ১৮ জন আহত সেখানে আনা হয়েছে। পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৯ জনে দাঁড়িয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মারা গেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি।











