টানা ১৩ দিনের বিরতি শেষে আবারও বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক। রোববার (২৯ মার্চ) বিকাল ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ বৈঠক শুরু হয়।

অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত রয়েছেন। দিনের কর্মসূচি অনুযায়ী সংসদের প্রথম এক ঘণ্টা প্রশ্নোত্তর পর্ব। এছাড়া জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা রয়েছে।

গত ১২ মার্চে শুরু হওয়া ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ মূলতবি হয়। কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত হয় যে, এই অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

এদিকে দুপুর দেড়টায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভা কক্ষে বিএনপির সংসদীয় দলের সভা হয়। সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে এই মূলতবি সভা হয়। শনিবার সভাটি শুরু হয়ে ঘন্টাব্যাপী আলোচনার পরে সভা মূলতবি করা হয়েছিল।