টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাতে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোহালিয়াবাড়ী-সল্লা বাসস্ট্যান্ড নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পাঁচজন হলেন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার পূরাব নিজপাগা গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী নার্গিস (৩৫), তাঁর ছেলে নিরব (১২), নার্গিসের বড় ছেলের শাশুড়ি দোলা (৩৫), একই এলাকার রাইজেল মিয়ার ছেলে সুলতান (৩৩) ও আবদুর রশিদের মেয়ে রিফা (২৩)।

ঘারিন্দা রেলওয়ের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, রেলক্রসিং পার হওয়ার সময় একটি বাসের তেল শেষ হয়ে যায়। এতে বাসটি রেললাইনেই দাঁড়িয়ে থাকে। এসময় টাঙ্গাইল থেকে ছেড়া আসা সিরাজগঞ্জে এক্সপ্রেসের ট্রেনটি বাসটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, কালিহাতী উপজেলার ধলাটেংগর নামকস্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী সেখানে বাস থেকে নেমে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশেই রেল লাইনে বসেছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে একজন শিশু, দুইজন নারী ও দুইজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন।