মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভের ডাক দেয়া হয়েছে। শনিবার (২৮ মার্চ) নির্ধারিত এই বিক্ষোভে লাখ লাখ মানুষ রাস্তায় নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফ্রান্স ২৪ এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প ক্রমেই আধিপত্যবাদী হয়ে ওঠায় এই বিক্ষোভের ডাক দেয়া হয়। এক বছরের কম সময়ের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নামছেন মার্কিন নাগরিকরা।
‘নো কিংস’ নামে মাঠপর্যায়ের আন্দোলনের অংশ হিসেবেই এই বিক্ষোভের আয়োজন করা হয়। গেল বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এই গ্রুপটি ট্রাম্পকে চাপে রেখেছে।
এর আগে ২০২৫ সালের জুন ও অক্টোবর মাসেও এই আন্দোলন হয়েছিল। তখন লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছিল। আয়োজকদের দাবি, জুনে প্রায় ৫০ লাখ মানুষ এবং অক্টোবরে প্রায় ৭০ লাখ মানুষ অংশ নেয়।
এবারের বিক্ষোভে অনেক বিষয় নিয়ে প্রতিবাদ হবে। এর মধ্যে আছে ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতি এবং ইরানের সঙ্গে যুদ্ধ।
ওয়াশিংটন ডিসি, মিনিয়াপোলিস, শিকাগো এবং সান ফ্রান্সিসকোতে বড় বিক্ষোভ হওয়ার কথা রয়েছে।
ছোট অঙ্গরাজ্য ভারমন্টেও ৪০টির বেশি বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। রাজ্যটিতে মাত্র ৬ লাখ ৪৬ হাজার মানুষ বাস করে। তারপরও সেখানে এত কর্মসূচি নেওয়া হয়েছে।
আয়োজকরা বলছেন, ‘এটি আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভের দিনগুলোর একটি হতে পারে।’












