শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে, আগে পরিবর্তন আনতে হবে শিক্ষায়। এর ব্যতিক্রম কিছুই নেই।
তিনি বলে আমি চাই, আমি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমার ভুলের জন্য জনপ্রতিনিধিরা আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাড় করান। আমি কাঠগড়ায় দাড়াতে চাই। জবাবদিহি করতে চাই।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে যশোরে পিটিআই অডিটোরিয়ামে এসএসসি পরীক্ষা সামনে রেখে শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও বোর্ড সচিবদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে তিনি অভিযোগ করেন, বিগত সময়ে শিক্ষাব্যবস্থায় নানা অনিয়ম ও অব্যবস্থাপনা তৈরি হয়েছিল, যার ফলে নকলের সংস্কৃতি বিস্তার লাভ করে। বর্তমানে সেই নকল আরও আধুনিক রূপ নিয়ে ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে পড়ছে, যা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।
এহছানুল হক মিলন বলেন, শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশের জন্য একটি সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ অত্যন্ত জরুরি। তাই এসএসসি ও সমমানের পরীক্ষা যেন সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় সে জন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, মো. মতিউর রহমান, ডা. মুসলেহউদ্দিন ফরিদ, গাজী এনামুল হক, মোক্তার আলী, আতাউর রহমান বাচ্চু, আব্দুল আলিম, জি এম নজরুল ইসলাম এবং যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আসমা বেগমসহ স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।












