জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১ টা ২৯ মিনিটে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, তার মরদেহ রোববার সন্ধ্যায় দেশে আনা হবে। এর পরদিন সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেলা ১১ টার দিকে মরহুমার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর বাদ জোহর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে বনানী সামরিক বাহিনীর কবরস্থানে দাফন করা হবে।
এদিকে স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও চিপ হুইপ নুরুল ইসলাম মনি।
এর আগে শুক্রবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দিলারা হাফিজের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে শনিবার (২৮ মার্চ) সকালে মেডিকেল বোর্ড বৈঠক করে।
এর আগে, দিলারা হাফিজ দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
সিঙ্গাপুরে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি বর্তমানে সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং চিকিৎসকদের পরামর্শে কয়েক দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে বলে পরিবারের সদস্যরা আশা করছেন।












