আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ঢাকা মহানগরীর প্রতিটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ডিএমপি প্রণীত নিরাপত্তা পরিকল্পনা ও সামগ্রিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার বলেন, ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। থানা এলাকা থেকে দূরবর্তী ভোটকেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি জোরদার করতে হবে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি করতে হবে।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, পিপিএম। তিনি বলেন, এবারের নির্বাচন একটি ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে। এই বিষয়টি মাথায় রেখে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে নির্বাচনকালীন দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে পর্যাপ্ত অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সমন্বয় সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। সভায় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা মতামত তুলে ধরেন এবং ডিএমপি কমিশনার প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার, বিপিএম-সেবা (অতিরিক্ত আইজি); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা।












