নারী এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ ‘এ’ দল। শুক্রবার আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১১০ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের দাপটে ৫৬ রানে অলআউট হয় পাকিস্তান। আর তাতেই ৫৪ রানের জয়ে ফাইনাল নিশ্চিত করে লাল-সবুজ জার্সিধারীরা। আগামী ২২ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ।
পাকিস্তান লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপের মধ্যে ছিল। ফারিয়া তৃষ্ণা পাকিস্তানের প্রথম ওপেনার ইমান নাসেরকে বোল্ড করে তাড়াতাড়ি পথ দেখান। পরের ওভারে ফাহিমা খাতুন শাওয়াল জুলফিকারকে বোল্ড করেন। এরপর সানজিদা আক্তার মেঘলা হুরাইনা সাজিদকে ফিরিয়ে পাকিস্তানের পরিস্থিতি আরও খারাপ করে দেন।
একের পর এক উইকেট হারাতে থাকে পাকিস্তান। যদিও ইউসরা আমির ও হাফসা খালিদ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা ছিল না যথেষ্ট। শেষ পর্যন্ত পাকিস্তান ৫৬ রানেই অলআউট হয়। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১২ রান করেন হাফসা খালিদ, এবং ১১ রান করেন ইউসরা আমির। অন্যদের মধ্যে কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
বাংলাদেশের হয়ে সানজিদা আক্তার মেঘলা তিনটি, ফাহিমা খাতুন দুটি এবং এক একটি উইকেট নেন তিনজন বোলার।
ব্যাংককে সেমিফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ওভারে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১১ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন অধিনায়ক ফাহিমা খাতুন। ৩২ বলের ইনিংসে ৫টি চারের সাহায্যে এ রান করেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
লাল সবুজের হয়ে ইনিংসের শুরুতে ওপেনিং জুটি বড় রান সংগ্রহ করতে পারেনি। দলীয় ১৯ রানে শামীমা ফিরে যান। এরপর ৩৯ রানে আউট হন ইশমা। দুই ওপেনারের বিদায়ের পর ফাহিমা ও শারমিন আক্তার দলকে টেনে তোলার চেষ্টা করেন। তবে অল্প সময়ের মধ্যেই শারমিনও উইকেট দিয়ে আসেন।
এরপর লতা মণ্ডলকে নিয়ে ইনিংসের সর্বোচ্চ ৩১ রানের জুটি গড়েন ফাহিমা। ব্যক্তিগত ৯ রানে লতা ফিরে গেলে আবার চাপে পড়ে বাংলাদেশ। এক প্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত দলকে ১১১ রানে পৌঁছে দেন ফাহিমা।












