সবার আগ্রহের কেন্দ্রে অবস্থান করা ভারত-পাকিস্তান ম্যাচটা ছিল অনেকটা ম্যাড়ম্যাড়ে। যে ম্যাচ আয়োজন করার জন্য কাটখড় পোড়ালো আইসিসি, সেই ম্যাচটা হলো একপেশে। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৬১ রানের বিশাল ব্যবধানে হারাল সূর্যকুমার যাদবের দল। এই জয়ের মাধ্যমে সুপার এইট নিশ্চিত হয়েছে ভারতের।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। আন্তর্জাতিক টি-টোয়েন্টির শীর্ষ ব্যাটার অভিষেক শর্মা শূন্য রানেই সাজঘরে ফেরেন। তবে সেই চাপ একাই সামাল দেন ঈশান কিষান। তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েন ৪৫ বলে ৮৭ রানের বিধ্বংসী জুটি। ৪০ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতের বড় সংগ্রহের ভিত গড়ে দেন ঈশান।

মাঝপথে পাকিস্তানের সাইম আইয়ুব পরপর দুই বলে তিলক ভার্মা (২৫) ও হার্দিক পান্ডিয়াকে (০) ফিরিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। তবে শেষদিকে অধিনায়ক সূর্যকুমার যাদব (৩২) ও শিবম দুবের (২৭) কার্যকরী ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় ভারত। পাকিস্তানের হয়ে সাইম আইয়ুব ২৫ রানে ৩ উইকেট শিকার করেন।

১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ভারতীয় পেসারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। হার্দিক পান্ডিয়ার করা প্রথম ওভারেই সাজঘরের পথ ধরেন সাহিবজাদা ফারহান। আর জাস্প্রিত বুহরাহের করা দ্বিতীয় ওভারে আউট হন সাইম আইয়ুব ও সালমান আলী আগা। এদিকে পাওয়ার প্লে শেষ হওয়ার আগে থামে বাবর আজমের ইনিংসও।

এই চার উইকেট হারিয়েই ব্যাকফুটে পড়ে যায় পাকিস্তান। এরপর উসমান খান ও শাদাব খান মিলে জয়ের ক্ষুদ্র প্রয়াস চালালেও হার ঠেকানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। পাকিস্তানের ইনিংস থামে ১১৪ রানে।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংসটি খেলেন উসমান খান। ১৪ রান করেন শাদাব খান। এছাড়া ফাহিম আশরাফ ১০ ও শাহিন আফ্রিদি ২৩ রান করেন। বাকি ব্যাটারদের কেউ দশের কোটাই পূরণ করতে পারেননি।