পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শিয়া মুসলিমদের একটি ধমীয় স্থাপনা— ইমামবাড়ার ভয়াবহ বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ১৬৯ জন। যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। এতে নিহততের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের সময় শেহজাদ টাউনের তারলাই এলাকায় অবস্থিত খাদিজাহ আল-কুবরা ইমামবাড়ায় এই বিস্ফোরণ ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, রক্তাক্ত মৃতদেহ কার্পেট মোড়ানো মেঝেতে পড়ে আছে, কাঁচের টুকরো, ধ্বংসাবশেষ এবং আতঙ্কিত মুসল্লিরা। ইমামবাড়ার বাইরের বাগানে আরও অনেক আহত ব্যক্তি পড়ে আছেন। এদিকে লোকেরা সাহায্যের জন্য চিৎকার করছে।

ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তকি জাওয়াদ বলেন, ‘বিস্ফোরণের প্রকৃতি এখনও নির্ধারণ করা যায়নি। এটি আত্মঘাতী নাকি পুঁতে রাখা বোমা ছিল, ফরেনসিক দলগুলো তা নির্ধারণ করবে। ইসলামাবাদের পলিক্লিনিক, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) এবং সিডিএ হাসপাতালে এরইমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।’

তকি জাওয়াদ আরও বলেন, ‘প্রধান জরুরি বিভাগ, অর্থোপেডিক বিভাগ, বার্ন সেন্টার এবং নিউরোলজি বিভাগগুলো সক্রিয় করা হয়েছে। আহতদের পিআইএমএস অ্যান্ড পলিক্লিনিক হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।’