আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

বার্তায় নরেন্দ্র মোদি তারেক রহমানের উদ্দেশে বলেন, ঈদ মোবারক! ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে আমি আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, এক মাস ধরে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং সিয়াম সাধনা ও ইবাদতে নিয়োজিত ছিলেন। ঈদুল ফিতরের এ উৎসব আমাদের সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতির চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা বিশ্বব্যাপী সব মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করি।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, আমাদের দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হোক—এই কামনা রইল।