পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসেন। এসময় দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করেন তারা। রোববার (৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এদিন বেলা ১১টার দিকে মার্কিন রাষ্ট্রদূত মন্ত্রণালয়ে পৌঁছান। কর্মসূচির শুরুতে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। উপদেষ্টা-সচিবের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা ফলপ্রসূ আলোচনা করেছি।












