দক্ষিণ এশিয়ার অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। মালদ্বীপের মালেতে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারায় তারা। পঞ্চম শটে আমেরিকান প্রবাসী রোনান সুলিভানের গোলে বাংলাদেশের শিরোপা নিশ্চিত হয়।
নির্ধারিত সময়ের মতো টাইব্রেকারেও অনেক নাটকীয়তা হয়েছে। টসে জিতে প্রথমে শট নেওয়ার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক। প্রথম শট সেভ করেন বাংলাদেশের গোলরক্ষক মাহিন। মোর্শেদ, চন্দন ও ফাহিম গোল করে বাংলাদেশের লিড ধরে রাখেন।
বাংলাদেশের চতুর্থ শট নিতে আসেন স্যামুয়েল। এ সময় ভারতের গোলরক্ষক চোটের কারণে সময়ক্ষেপণ করেন। চিকিৎসা নেওয়ার পর পোস্টে দাঁড়ালে স্যামুয়েলের শট ক্রসবারে লাগে। তখন চার শট শেষে স্কোরলাইন ৩-৩।
দুই দলের শেষ শটটি তখন খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ভারতের হয়ে এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার শট নিতে আসেন। তার নেওয়া শট পোস্টের অনেক উপর দিয়ে যায়। বাংলাদেশ শেষ শটে গোল করলেই চ্যাম্পিয়ন। এমন সমীকরণে শেষ শট নেন আমেরিকান প্রবাসী রোনান। অনেক চাপের মধ্যে থেকেও তিনি শট পোস্ট রেখে গোল করেন।
এর আগে মাঠে নেমে প্রথমার্ধে বাংলাদেশের দাপট বেশি দেখা গেলেও দ্বিতীয়ার্ধে আক্রমণে এগিয়ে ছিল ভারত। তবে বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও বাংলাদেশের রক্ষণভাগ এবং গোলরক্ষক মাহিনকে তেমন চাপে ফেলতে পারেনি ভারতীয়রা।
অন্যদিকে বাংলাদেশও পাল্টা আক্রমণে কয়েকটি সুযোগ তৈরি করে। বিশেষ করে আমেরিকান বংশোদ্ভূত ফরোয়ার্ড রোনান সুলিভানকে কড়া নজরে রেখেছিল ভারতীয় ডিফেন্স। তবুও তিনি কয়েকটি শট নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে রোনানের ভাই ডেকলানকে মাঠে নামানো হয়। তিনি ডান প্রান্ত দিয়ে একাধিক আক্রমণ গড়ে তোলেন। ম্যাচের শেষদিকে ডেকলানের বাড়ানো বল পেয়ে রোনান শট নিলেও ভারতীয় গোলরক্ষক এগিয়ে এসে সেটি রুখে দেন।
ম্যাচজুড়ে দুই দলই বেশ কিছু গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। বাংলাদেশের গোলরক্ষক মাহিনও কয়েকবার পোস্ট ছেড়ে বেরিয়ে এলেও বড় কোনো বিপদ হয়নি।












