সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের ছোড়া গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি। নিহত সালেহ আহমদ জয়ধর (৩০) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কারবালারটুক গ্রামের মৃত বিরাম আলীর ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার এলাকার তিন যুবক সালেহ আহমেদ জয়ধর (৩০), সুমন মিয়া (২৫) ও মাসুম আহম্মদ (২০) মাদকের চালান আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা সীমান্তবর্তী চংকেট ও মারকানের বাগান সংলগ্ন এলাকায় অবস্থান নেন।

এসময় খাসিয়াদের সুপারি বাগানে অবস্থানকালে তাদের চোর সন্দেহে স্থানীয় ভারতীয় খাসিয়ারা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এতে সালেহ আহমেদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তার সঙ্গে থাকা অপর দুজন তাকে মৃত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসেন।