ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ শুরু হওয়া শিল্পাঞ্চলের ছুটিকে কেন্দ্র রাজধানী ঢাকা ছাড়ছে মানুষ । ভোট দেওয়ার পাশাপাশি দীর্ঘ ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে অনেকেই নিজ নিজ নির্বাচনি এলাকায় যাচ্ছেন। কিন্তু বাস টার্মিনালে পৌঁছে ঘরমুখো মানুষ পড়ছেন ভিন্ন এক ভোগান্তিতে।
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না বাস। কোথাও যানজট, কোথাও বাস সংকট। এর মধ্যেই পরিবহন মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। ২৫০ টাকার যাত্রায় আদায় করা হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। দীর্ঘ যানজট আর কৃত্রিম সংকটে ভোট দিতে যাওয়া অনেকের কাছে যেন এক ধরনের ‘শাস্তি’ হয়ে দাঁড়িয়েছে।
যাত্রীরা জানান, ঢাকা থেকে ময়মনসিংহ যেতে যেখানে সাধারণত বাসভাড়া ২০০ থেকে ২৫০ টাকা, সেখানে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। বাস না পেয়ে অনেক যাত্রী বাধ্য হয়ে ট্রাকেও উঠছেন। ট্রাকে জনপ্রতি নেওয়া হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকার তিন দিনের সাধারণ ও বিশেষ ছুটি ঘোষণা করেছে। ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে বিশেষ ছুটি, ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি এবং ১২ ফেব্রুয়ারি নির্বাচন দিবসে সাধারণ ছুটি থাকবে।
এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করতে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটির প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্বাচনকালীন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।












