ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্য থেকে ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। এছাড়া ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ১৫০ মার্কিন সেনা আহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত যুদ্ধে আট মার্কিন সেনা নিহত হয়েছেন। খবর রয়টার্সের।
এ পর্যন্ত ফিরিয়ে আনা ব্যক্তিদের মধ্যে প্রায় ৩০ হাজার জনকে সহায়তা করেছে এ উদ্দেশ্যে গঠিত একটি বিশেষ টাস্কফোর্স।
পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নিতে দুই ডজনের বেশি চার্টার ফ্লাইট পরিচালনা করা হয়েছে।
তবে এসব ফ্লাইট গড়ে ৪০ শতাংশের কম আসন পূর্ণ ছিল, কারণ অনেক মার্কিন নাগরিক বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে নিজ উদ্যোগেই দেশে ফিরেছেন।
এর আগে, আহতের এই সংখ্যা কখনো প্রকাশ হয়নি। রয়টার্সের এই প্রতিবেদন প্রকাশের পূর্বে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন জানায়, কেবলমাত্র আটজন মার্কিন সেনার গুরুতর আহত হয়েছে।
তবে, রয়টার্সের প্রতিবেদনটি প্রকাশের পর পেন্টাগন এক বিবৃতিতে জানায়, আহত সেনার সংখ্যা প্রায় ১৪০ জন। তবে আহতদের মধ্যে অধিকাংশেরই আঘাত গুরুতর নয়।
পেন্টাগনের মুখপাত্র সিয়ান পারনেল জানান, আহতদের মধ্যে ১০৮ জন এরইমধ্যে ডিউটিতে যোগ দিয়েছেন।
তিনি আরও বলেন, গুরুতর আহত ৮ জনকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আছে সেখানেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ফলে এই সংঘাত এখন ওই অঞ্চলের ১৪ দেশে ছড়িয়ে পড়েছে।












