মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়া। তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে, এদিন পৃথক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল করে সরকার।

এতে বলা হয়, এম সিরাজ উদ্দিন মিয়াকে উল্লিখিত পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিন আরেকটি প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার।

বিসিএস ৮২ ব্যাচের কর্মকর্তা শেখ আব্দুর রশীদ আওয়ামী লীগ সরকারের সময়ে অতিরিক্ত সচিব থেকে অবসরে গিয়েছিলেন। ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনে অন্তর্র্বতী সরকার ক্ষমতায় আসার পর তাকে চুক্তিভিত্তিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করা হয়েছিল। পরে ২০২৪ সালের ১৪ অক্টোবর অথবা যোগদানের তারিখ হতে দুই বছর মেয়াদে তিনি মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুইদিনের মাথায় নতুন সরকার গঠনের আগ মুহূর্তে শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল করা হলো।