টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে তাকে মন্ত্রী হিসেবে শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এদিন সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। অধিবেশন শুরুর পর মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) স্পিকার এবং ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। তারা দুজনেই বর্তমান সরকারের মন্ত্রিপরিষদে ছিলেন। যার মধ্যে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল।

উভয়ে নতুন দায়িত্ব নিলে তাদের মন্ত্রিত্ব শূন্য হয়। এর কিছুক্ষণের মধ্যেই মন্ত্রিপরিষদের নতুন সদস্য হিসেবে আহমেদ আযম খানের নাম ঘোষণা করে ক্ষমতাসীন দল বিএনপি। পরে তিনি শপথ নেন।