মানুষের উপকার করা এবং তাদের ভাগ্যের পরিবর্তন ঘটানোই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আজকে যে মাসে ৫ হাজার টাকা কামাই করে, আমরা চাই তার আয়-রুজিটা আগামী দুই-চার বছরের মধ্যে ৫ থেকে ১০ হাজারে পৌঁছে। আজকে যে দুই হাজার টাকা ইনকাম করে, আমরা চাই এমন পলিসি নিতে যার মাধ্যমে তার ইনকামটা ডাবল হবে আগামী দুই-চার বছরের মধ্যে। এটাই হচ্ছে আমাদের রাজনীতির লক্ষ্য, এটাই শহীদ জিয়ার রাজনীতি, এটাই খালেদা জিয়ার রাজনীতি, এটাই হচ্ছে আপনাদের নির্বাচিত বিএনপি সরকারের রাজনীতি।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।












