এ মুহূর্তে দেশের মানুষের ভাগ্য বদলানোর জন্য বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে মোহাম্মদপুর শ্যামলী মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ভোটাধিকার পেতে মানুষ ১৬ বছরে জীবন দিয়েছে। বহু মানুষ পঙ্গুত্ববরণ করেছে। হাজার হাজার মানুষ আত্মত্যাগ করেছে। আমরা তাদের এ আত্মত্যাগকে অস্বীকার করতে পারি না।

বিএনপি চেয়ারম্যান বলেন, গত ১৬ বছরে কোনো জায়গায় কাজ হয়নি। শুধু মেগা প্রজেক্ট হয়েছে। দুর্নীতি হয়েছে। বিএনপি জনগণের ভাগ্যের উন্নয়ন করতে চায়। এজন্য অনেকগুলো পরিকল্পনা নিয়েছে বিএনপি। জয়ী হয়ে সরকার গঠন করলে সেসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শুধু এই এলাকায় নয়, ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মা-বোনেরা যেন নিরাপদে রাস্তায় চলাফেরা করতে পারেন। মানুষ যেন নিরাপদে বাসায় ফিরতে পারে এবং শান্তিতে ঘুমাতে পারে।

এ আসনের ভোটারদের প্রতি বিএনপি সমর্থিত প্রার্থীকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এর মাধ্যমে নিরাপত্তা, চলাচল ও গণতান্ত্রিক জবাবদিহিতাভিত্তিক নতুন শাসনপর্বের সূচনা হবে।

বিএনপি ক্ষমতায় এলে ঢাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। একইসঙ্গে সুশাসন ও জনসেবার মানোন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।

নগর ব্যবস্থাপনার সঙ্গে জননিরাপত্তার বিষয়টি যুক্ত করে তারেক রহমান খাল দখলের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি আরও বলেন, যতই প্রভাবশালী হোক, কেউ যদি খাল দখল করে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা জলাবদ্ধতা বাড়ায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তারেক রহমান বলেন, গণঅভ্যুত্থানে আত্মত্যাগের সুফল গণতান্ত্রিক অধিকারে প্রতিফলিত হতে হবে। গত ১৬ বছর মানুষ ভোট দিতে পারেনি। এখন তারা ভোট দিতে পারবে, বাকস্বাধীনতাও ফিরে এসেছে। তবে এর জন্য অনেক মানুষকে প্রাণ দিতে হয়েছে।

মেগা প্রকল্পের নামে দুর্নীতির সমালোচনা করে তিনি বলেন, উন্নয়নের নামে প্রকল্প নেওয়া হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। গত ১৬ বছরে প্রকৃত কাজ হলে আজ আমাদের এত সমস্যার মুখোমুখি হতে হতো না।