যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি বিশালাকায় তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) এই শক্তিশালী বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে এবং আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, নগর কর্তৃপক্ষ আশপাশের বাসিন্দাদের দ্রুত ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে।
পোর্ট আর্থার নগর কর্তৃপক্ষের জরুরি অবস্থা বিভাগ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ভালেরো’র তেল শোধনাগারে বিস্ফোরণের প্রেক্ষিতে আশাপাশের এলাকার বাসিন্দাদের যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার নির্দেশ দেয়া হচ্ছে।
পৃথক এক বিবৃতিতে ভালেরো কোম্পানি কর্তপক্ষ বলেছে, টেক্সাসের পোর্ট আর্থার শহরে কোম্পানির তেল শোধনাগারে বিস্ফোরণ ঘটলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শোধনাগারের সব কর্মীর সন্ধান পাওয়া গেছে, কেউ নিখোঁজ হননি এবং কর্মীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে বিস্ফোরণের ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। তাতে শোধনাগারটিতে জ্বলতে থাকা দীর্ঘ অগ্নিশিখা এবং তার জেরে কালো ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা বলেছেন, বিস্ফোরণের সময় প্রচণ্ড শব্দ হয়েছিল এবং তার ধাক্কায় অনেক বাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে।









