যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত সোমবার (৬ এপ্রিল) নিউইয়র্ক সময় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটের সময় নিউইয়র্কের আলবানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।
নিহতরা হলেন- কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মো. হীরামন (৬০) এবং তার ছেলে নাজমুল রোবেল (৩০), ফাহিম আলিম (২৭)। আহতরা হলেন- হীরামনের বড় মেয়ে রতœা (৩৩) এবং নাতনী ইকরা (১)। তাদের নিউইয়র্কের আলবানি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটি সূত্রে জানা গেছে, নিউইয়র্ক সময় সোমবার সন্ধ্যায় একটি প্রাইভেটকারে চড়ে ঘুরতে বেরিয়েছিলেন হতাহতরা। নাজমুল রোবেল নিজে গাড়িটি চালাচ্ছিলেন। আলবানির রুট ৯-এইচ সড়কের ভ্যান ওয়াইক লেনে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের লাইন অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় নিউইয়র্ক কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত হিরামনের ছোট বোন রাজিয়া বেগম বলেন, নিহতদের জানাজার নামাজ বুধবার নিউইয়র্ক সময় জোহরের নামাজের পর বাইতুল আমান ইসলামিক সেন্টারে (২৩৫১, এভিনিউ, ব্রনক্স, নিউইয়র্ক) অনুষ্ঠিত হবে।
পরে নিউ জার্সির মার্লবুরো মুসলিম সিমেটেরিতে তাদের দাফন করা হবে। তাদের জন্য দোয়া চেয়েছেন তিন।












