চলমান উত্তেজনা প্রশমন মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। একই সঙ্গে প্রথমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ‘নতি স্বীকার’ করার দাবি জানিয়েছেন তিনি। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তিনি জানিয়েছেন, নতুন সর্বোচ্চ নেতা মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি এও বলেছেন, আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ‘হাঁটু গেড়ে বসতে বাধ্য’ করতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, দুটি মধ্যস্থতাকারী দেশ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে “উত্তেজনা কমানো বা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি” সংক্রান্ত প্রস্তাব পাঠিয়েছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
এই কর্মকর্তা জানিয়েছেন, নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বৈদেশিক নীতি বৈঠকে আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা, তাদের পরাজয় স্বীকার করানো এবং ক্ষতিপূরণ আদায় না হওয়া পর্যন্ত শান্তির জন্য এটি সঠিক সময় নয়।”
প্রসঙ্গত, ইরানের রাষ্ট্রীয় সকল বিষয়ে সর্বোচ্চ নেতার সিদ্ধান্তই চূড়ান্ত। তবে এক সপ্তাহ আগে পিতা আয়াতুল্লাহ আলি খামেনির স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে ইরানের সর্বোচ্চ নেতার নতুন কোনও ছবি প্রকাশ করা হয়নি। কিছু ইরানি কর্মকর্তারা বলেছেন, আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার জন্য চালানো মার্কিন ইসরায়েলি হামলায় সামান্য আহত হয়েছেন। যদিও মার্কিন কর্মকর্তারা বলেছেন, তিনি গুরুতর আঘাত পেয়েছেন।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে। এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ২ হাজার মানুষ নিহত হয়েছেন এবং সংঘাত থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। বর্তমানে হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চাওয়ার অনুরোধ তার মিত্ররা প্রত্যাখ্যান করেছে। এর ফলে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে এবং মুদ্রাস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে।
সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর গত সপ্তাহে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত প্রথম বার্তায় মোজতবা খামেনি বলেছিলেন, ইরানের শত্রুদের ওপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালি বন্ধ থাকবে।












