যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েল যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত এবং “আমাদের আঙুল ট্রিগারেই রয়েছে”।
বুধবার ৮ এপ্রিল টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ইরানের বিরুদ্ধে ছয় সপ্তাহের অভিযানে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো, ক্ষেপণাস্ত্র ও পরমাণু স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে। এর ফলে ইরান এখন আগের চেয়ে অনেক দুর্বল অবস্থানে রয়েছে, আর ইসরায়েল আরও শক্তিশালী হয়েছে।
তিনি আরও বলেন, এখনও কিছু লক্ষ্য অর্জন বাকি রয়েছে ইসরায়েলের। যার মধ্যে রয়েছে ইরান থেকে ইউরেনিয়ামের মজুদ পুরোপুরি সরানো, যা চুক্তি অথবা শক্তি প্রয়োগের মাধ্যমে হতে হবে এবং প্রয়োজন হলে আবারও যুদ্ধ শুরু করা হবে।
নেতানিয়াহু জানাান, যুদ্ধবিরতির অর্থ এই নয় যে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান শেষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সমন্বয়ের ভিত্তিতেই দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইসলামাবাদের আলোচনায় ইরান যেকোনো সময়ের তুলনায় দুর্বল প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হবে বলেও দাবি করেন তিনি।












