রাজধানীর বাড্ডায় নির্মাণাধীন বাড়ির পুরনো সীমানা প্রাচীর ধসে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ‎বুধবার (১১ মার্চ) বেলা ১১টা ২০ মি‌নি‌টে উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ১০ নম্বর লেন এলাকায় রাস্তার পাশে এই দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হল ৫ বয়সী নুসরাত এবং ১২ বছর বয়সী আয়েশা মনি।

দুর্ঘটনার পর দুজনকে উদ্ধার করে দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে যাওয়া হয়। তখন চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

আয়েশা কুমিল্লা বরুড়া উপজেলার ইয়াফেদি গ্রামের রংমিস্ত্রি মো. ইকবালের মেয়ে। বর্তমানে উত্তর বাড্ডা পূর্বাচল নিজ বাড়িতে পরিবারের সাথে থাকতো। দুই বোন এক ভাইয়ের মধ্যে আয়েশা ছিল দ্বিতীয়। স্থানীয় স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ত মেয়েটি ।

আর নুসরাত কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার মালোয়াদি গ্রামের রড মিস্ত্রি মো. শরিফের মেয়ে। বর্তমানে উত্তর বাড্ডা পূর্বাচলে ইকবালের (নিহত আরেকটি শিশুর বাবা) বাড়িতে ভাড়া থাকত।

এ ঘটনায় নিহত ‌শিশু‌দের বাবা ইকবাল বলেন, আমার মেয়েরা খেলছিল। এ সময় হঠাৎ করে পাশে থাকা দেয়াল তাদের ওপর ভেঙে পড়ে। এতে আমার দুই মেয়ে দেয়া‌লের নিচে চাপা পড়ে। তাদের চিৎকার শুনে আমি দ্রুত তা তাদের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানিয়েছেন, দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। লাশ ‍দুটি মর্গে রাখা হয়েছে।