শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমপিওভুক্তির জন্য সরকার নতুন করে আবেদন নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে এ তথ্য দেন তিনি।

জাতীয় সংসদ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে সংসদ সদস্যদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, আগামী ২০২৬-২৭ অর্থবছরে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত (মান্থলি পে অর্ডার) করা হবে। এই প্রক্রিয়ায় আগের সরকারের সময় জমা পড়া তিন হাজারের বেশি পেন্ডিং আবেদনের পাশাপাশি নতুন করেও আবেদন গ্রহণ করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, শুধু ইসলাম শিক্ষা নয়, সব ধর্মের শিক্ষকই থাকবে। ইংলিশ মিডিয়াম স্কুল নিয়মের আওতায় আনার বিষয়ে কমিটি করা হয়েছে।

সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের করা এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।

‘বর্তমানে বাংলাদেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে’ উল্লেখ করে আ ন ম এহসানুল হক মিলন বলেন, বর্তমান সরকার এগুলোর মানোন্নয়নের বিষয়ে বদ্ধপরিকর।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য নতুন করে আবেদন আহ্বান করবে সরকার। পুরাতন আবেদনগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে।

এর আগে বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।