সৌদি আরবের আকাশে আজ রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে সেখানে ২৯ দিনে শেষ হচ্ছে শাবান মাস। আর পবিত্র মাহে রমজান মাস শুরু হবে আগামীকাল বুধবার। আজ মঙ্গলবার সৌদি আরবে চাঁদ দেখার তথ্য ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পেজে জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, সৌদি আরবের আকাশে আজ মঙ্গলবার রমজান মাসের চাঁদ দেখা গেছে। আর রমজানের প্রথম দিন হবে আগামীকাল বুধবার।

প্রতিবেদন মতে, সৌদি আরবে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সূর্যাস্ত হয় সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দেশটির পূর্ব প্রদেশের কর্তৃপক্ষ জানান, ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ দেখা শুরু হয়েছে। চাঁদ দেখা দলগুলো আকাশ পর্যবেক্ষণ করছেন যাতে পবিত্র মাসের শুরু নিশ্চিত করা যায়।

কয়েক মিনিট পরই চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ। জানানো হয়, বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। ফলে দেশটির মুসলিমরা আজ রাতে প্রথম তারাবির নামাজ আদায় করবেন এবং শেষ রাতে সেহরি খাবেন।

উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর মধ্যে প্রথম হিসেবে রমজান শুরুর ঘোষণা দেয় ওমান। দেশটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস শুরু হবে। অর্থাৎ ওইদিন রোজা শুরু হবে।