ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নিরঙ্কুশ বিজয় পাওয়ার পর সরকার গঠন করেছে বিএনপি। শপথ গ্রহণের মধ্য দিয়ে গঠন করা হয়েছে মন্ত্রিপরিষদও। এতে দায়িত্ব পেয়েছেন জাতীয়তাবাদী দলটির জ্যেষ্ঠ ও ত্যাগী নেতারা। তাদের মধ্যে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে আন্দোলন-সংগ্রাম, সংসদীয় রাজনীতি, কারাবরণ এবং দলীয় পুনর্গঠনের মধ্য দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিরোধী রাজনীতির অন্যতম মুখপাত্র হিসেবে। সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনে যুক্ত হয়েছে নতুন অধ্যায়।
সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
১৯৪৮ সালের ২৬ জানুয়ারি তৎকালীন দিনাজপুর জেলার (বর্তমান ঠাকুরগাঁও) এক সম্ভ্রান্ত ও শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল। তার বাবা মির্জা রুহুল আমিন ছিলেন আইনজীবী, সমাজসেবক ও রাজনীতিবিদ। পরিবার থেকেই তিনি শৃঙ্খলা, ন্যায়বোধ ও দেশপ্রেমের শিক্ষা অর্জন করেন। গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা ফখরুলের শৈশব ছিল সহজ-সরল, কিন্তু চিন্তা-চেতনায় ছিল গভীরতা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্ররাজনীতি থেকে মুক্তিযুদ্ধকালীন ভূমিকা, শিক্ষকতা পেশা হয়ে জাতীয় রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন এবং বিএনপির মহাসচিব হিসেবে দল পরিচালনার অভিজ্ঞতায় তার দীর্ঘ পথচলা গড়ে উঠেছে। এবারের নির্বাচনে জয়ী হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, যা তার রাজনৈতিক ক্যারিয়ারের আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে।












