মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা নিয়ে বাংলাদেশকে আশ্বস্ত করেছে ইরান। দেশটি জানিয়েছে, বাংলাদেশি কোনো জাহাজ আর সেখানে আটকানো হবে না।
রোববার (১২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
তিনি জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার আগে থেকেই উদ্যোগ নিয়েছে। বর্তমানে দেশে জ্বালানি সংকট নেই বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে হরমুজ প্রণালিতে কোনো বাংলাদেশি জাহাজ আটকে থাকলে তা ছেড়ে দেওয়ার বিষয়ে ইরান আশ্বস্ত করেছে।
হরমুজ প্রণালি পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সংকট কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান হওয়া প্রয়োজন, নইলে বৈশ্বিকভাবে সব দেশই ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ এ বিষয়ে সংলাপ ও সমাধানের ওপর জোর দিচ্ছে।
প্রবাসীদের পরিস্থিতি নিয়ে তিনি জানান, লেবাননে বাংলাদেশের মিশনে দায়িত্ব পালনকারীরাও ঝুঁকির মধ্যে রয়েছেন। সেখানে নিহত এক নারীর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই জানিয়ে তিনি গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।












