অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুরের একটি রাজকীয় প্রাসাদে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণি সিনেমার হার্টথ্রব জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। দীর্ঘ ১০ বছরের নিবিড় সম্পর্কের সফল পরিণতি ঘটল।

দুই সংস্কৃতির মেলবন্ধন আজ সকাল ১০টায় তেলুগু রীতি মেনে শুরু হয় বিয়ের প্রথম পর্ব। পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে এবং পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে সাত পাকে বাঁধা পড়েন এই তারকা যুগল। মণ্ডপ সাজানো হয়েছিল দক্ষিণী ঐতিহ্যের ছোঁয়ায়, যেখানে উপস্থিত ছিলেন শুধুমাত্র দুই পরিবারের সদস্য ও অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুরা।

তবে আয়োজনে থাকছে ভিন্নতা। বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে রাশমিকার পৈতৃক নিবাস কর্ণাটকের কুর্গ অঞ্চলের ঐতিহ্যবাহী ‘কোডাভা’ রীতির বিয়ে। দুই পরিবারের সাংস্কৃতিক শিকড়কে সম্মান জানাতেই এই দ্বৈত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশেষ পোশাক, অলংকার ও স্বতন্ত্র আচারের মাধ্যমে সম্পন্ন হবে এই দ্বিতীয় ধাপ।

ভক্তদের মাঝে উচ্ছ্বাস ‘দ্য ওয়েডিং অব বিরোশ’ নামে পরিচিত এই বিয়েটি বর্তমানে বিনোদন জগতের সবচেয়ে আলোচিত ঘটনা। দীর্ঘ অপেক্ষার পর প্রিয় জুটিকে বাস্তবে বর-কনে হিসেবে দেখতে পেয়ে ভক্তদের মাঝে বইছে আনন্দের জোয়ার। এটি কেবল একটি সেলিব্রিটি বিয়ে নয়, বরং দুই সংস্কৃতির মিলন ও ভালোবাসার এক অনন্য প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

ঐতিহ্য আর আভিজাত্যের মেলবন্ধনে ঘেরা এই বিয়ের আনুষ্ঠানিকতা শেষে এখন কেবল নবদম্পতির প্রথম ঝলক দেখার অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই শুরু হয়েছে শুভকামনার বৃষ্টি।