প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, খুব দ্রুত সবার শপথ অনুষ্ঠিত হবে। দেরি হলেও ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ হবে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
প্রেস সচিব বলেন, বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করা হবে। ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে এটি অনুষ্ঠিত হতে পারে; এর বেশি দেরি হওয়ার সম্ভাবনা নেই।
শফিকুল আলম বলেন, “এই বিষয়গুলো পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। শপথের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি গতকাল থেকেই শুরু হয়েছে। অলরেডি এমপিদের গেজেট প্রকাশ হয়েছে এবং বাকি কাজগুলো খুব দ্রুতগতিতে চলছে। চিফ অ্যাডভাইজার কালকেও কাজ করেছেন, আজকেও চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য।”
নির্বাচনে একটি কেন্দ্রে ২০০ শতাংশ ভোট পড়েছে এমন সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এটি মিথ্যা সাংবাদিকতা। এটি মূলত মুদ্রাজনিত ভুল। যিনি এ ধরনের সংবাদ পরিবেশন করেছেন, তিনি রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা না বলেই করেছেন। পরবর্তী সময়ে তা সংশোধন করা হয়েছে।
সংসদ নির্বাচনের দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হয় বৃহস্পতিবার। অনুষ্ঠিত হয়েছে গণভোটও। এর মধ্যে ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি এককভাবে পেয়েছে ২০৯টি আসন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয়ী হয়েছেন। তিনিই নতুন সরকারের প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন। সংসদে বিএনপির প্রতিদ্বন্দ্বী হচ্ছে ৬৮টি আসন পাওয়া জামায়াতে ইসলামী।
ভোটের পর দিন শুক্রবার নির্বাচিতদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।












