আফগানিস্তানে হামলায় ২২৮ তালেবান সদস্য নিহত ও ৩১৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র। খবর আল জাজিরার।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘অপারেশন গজব লিল–হক’-এ ৭৪টি তালেবান কমান্ড পোস্ট ধ্বংস ও ১৮ জনকে আটক করা হয়েছে।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি আরও বলেন, সংঘর্ষে অন্তত ৩১৪ জন তালেবান যোদ্ধা আহত হয়েছেন। এছাড়া তালেবানের ৭৪টি সামরিক চৌকি পুরোপুরি ধ্বংস এবং ১৮টি চৌকি পাকিস্তান সেনাবাহিনী দখলে নিয়েছে।
এর আগে আজ সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি ১৩৩ তালেবান যোদ্ধা নিহত ও ২০০ জনের বেশি আহত হওয়ার দাবি করেছিলেন।
দুই পক্ষের সংঘর্ষে এ পর্যন্ত ২৭ পাকিস্তানি আহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ।
তবে পাকিস্তান সেনাবাহিনীর দেওয়া হতাহতের এ সংখ্যার সঙ্গে তালেবান সরকারের তথ্যের বড় ধরনের গরমিল পাওয়া গেছে। এর আগে তালেবান বলেছিল, তাদের মাত্র ৮ জন যোদ্ধা নিহত ও ১১ জন আহত হয়েছেন।












