দীর্ঘ ৪০ দিন অবরুদ্ধ থাকার পর অবশেষে মুসলিম মুসল্লিদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে পবিত্র আল-আকসা মসজিদ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত এই ধর্মীয় স্থানটি উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে শত শত ফিলিস্তিনি প্রবেশ করেন।

সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, পুরনো শহর (ওল্ড সিটি) এলাকায় অবস্থিত ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম এ মসজিদের দরজা ফজরের আজানের সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হয়, এরপর শত শত ফিলিস্তিনি মুসল্লি আল-হারাম আল-শরিফ প্রাঙ্গণে প্রবেশ করেন।

মসজিদ খুলে দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিপুল সংখ্যক মুসল্লি সেখানে ছুটে আসেন। অনেককে কান্নায় ভেঙে পড়তে এবং সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়।

৪০ দিন পর প্রথমবারের মতো আল-আকসায় জামাতে নামাজ আদায় করা হয়, যেখানে শত শত মুসল্লি অংশ নেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পরপরই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধর্মীয় স্থাপনাটি বন্ধ করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। সেই থেকে টানা ৪০ দিন মসজিদটিতে সাধারণ মুসল্লিদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ ছিল।

এর ফলে জেরুজালেমের মুসলমানরা চলতি বছর রমজান মাসে আল-আকসায় তারাবি, জুমা এবং নিয়মিত নামাজ আদায় করতে পারেননি। এমনকি ঈদুল ফিতরের নামাজও তারা মসজিদের ভেতরে আদায় করার সুযোগ পাননি। ঈদের দিন প্রধান ফটকগুলো বন্ধ থাকায় শত শত মুসল্লি বাধ্য হয়ে মসজিদের প্রবেশদ্বার ও আশপাশের সড়কে জামাতে অংশ নেন।

তবে বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির ঘোষণা আসার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বৃহস্পতিবার ভোরে আল-আকসা থেকে অবরোধ তুলে নেয় ইসরায়েলি বাহিনী।