উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ ২১ জনের প্রাণহানি হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
উগান্ডা পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৮টার দিকে কাপচোরওয়া জেলার চেকওয়াটিট গ্রামে দুর্ঘটনাটি ঘটে। কিং ডেভিড জুনিয়র স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বাসটি শিক্ষা সফর শেষে ফিরছিল।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি সড়ক থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশের একটি বড় পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে উলটে যায়।
পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জানায়, ‘চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়ক থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশের একটি বড় পাথরের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘দুর্ঘটনায় একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং ২০ জন শিক্ষার্থীর মৃত্যু হয়। এছাড়া তিনজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও কয়েকজন অপ্রাপ্তবয়স্ক আহত হন।’
পুলিশ দুমড়েমুচড়ে যাওয়া ও উল্টে থাকা বাসটির একটি ছবি প্রকাশ করেছে। তারা জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত চলছে। আহত কয়েকজন শিশু ও প্রাপ্তবয়স্ক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পূর্ব আফ্রিকার দেশটিতে প্রায়ই প্রাণঘাতী বাস দুর্ঘটনা ঘটে। গত অক্টোবরে দেশটির একটি প্রধান মহাসড়কে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪৬ জন প্রাণ হারান। ২০২৪ সালের একটি প্রতিবেদনে বলা হয়, ওই বছর উগান্ডায় ৪ হাজার ৪৩৪টি প্রাণঘাতী সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ১৪৪ জনের মৃত্যু হয়।











