দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। সোমবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৯৩। এর মধ্যে নিশ্চিত হামে ৯৫ জন ও হামের উপসর্গ নিয়ে ৬৯৮ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২০ জুলাই পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৯৮ শিশু। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৯৫ শিশু। সব মিলিয়ে এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে মোট ৭৯৩ শিশুর মৃত্যু হয়েছে।

দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৫৭০ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ১৪ হাজার ৫৭৮ জন। মোট হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ১ হাজার ২৬ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৭ হাজার ৫৩২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।