হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ নির্ধারণ করেছে সরকার।
এর মধ্যে ‘হজ প্যাকেজ-১’-এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং ‘হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)’-এর খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ দুই হজ প্যাকেজ ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, প্রিমিয়াম সুবিধাসম্বলিত ‘হজ প্যাকেজ-১’-এর খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং কিছুটা সাশ্রয়ী মূল্যের ‘হজ প্যাকেজ-২’-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
প্যাকেজ দুটির বিস্তারিত বৈশিষ্ট্যসমূহ:
হজ প্যাকেজ-১: এতে অংশগ্রহণকারী হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ১০০০ থেকে ১৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা করা হবে। মিনায় জোন-২ এ তাঁবুর অবস্থানের পাশাপাশি ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। অতিরিক্ত অর্থ প্রদান সাপেক্ষে এতে রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজের বিশেষ সুবিধাও থাকছে।
হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী): এই প্যাকেজে মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে হোটেলের ব্যবস্থা থাকবে। হোটেলের দূরত্ব ২ কিলোমিটারের বেশি হলে সৌদি সরকারের নিয়ম অনুযায়ী সালাওয়াত (বাস) সুবিধা দেওয়া হবে। মিনায় জোন-৫ এ তাঁবু এবং মিনা-আরাফায় ক্যাটাগরি-৩ অনুযায়ী খাবারের সুবিধা পাবেন হজযাত্রীরা।
সৌদি আরবে উভয় প্যাকেজের সাধারণ অবস্থানকাল হবে ৩৫ থেকে ৪০ দিন।












