আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট। ভেতরের পাতায় পাতায় জলছাপে আসছে পরিবর্তন। যুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের তিন শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও ওয়াসিমের ছবি। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেয়া ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ ফের পুনর্বহাল করা হচ্ছে পাসপোর্টে। এ-সংক্রান্ত সরকারি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বাংলাদেশের বহুল চর্চিত পররাষ্ট্রনীতি এবং ফিলিস্তিন ইস্যুর প্রতি সংহতি রেখেই ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি পুনর্বহাল করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাধারণ নাগরিকরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলছেন, এটি দেশের সার্বভৌম অবস্থান ও মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক নীতির সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।
নতুন পাসপোর্ট জুড়ে দেশের জাতীয় প্রতীক ও ঐতিহাসিক স্থাপনার পাশাপাশি আবু সাঈডের বুক পেতে দেওয়ার মুহূর্ত, মুগ্ধর পানি বিতরণের দৃশ্য এবং জাতীয় পতাকার জার্সি পরা ওয়াসিমের ছবি স্থান পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মাদ মাহবুবুর রহমান সরকারের এই উদ্যোগের প্রসংশা করে বলেন, স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী সরকারের চিহ্ন মুছে গণতন্ত্র এবং গণ-অভ্যুত্থানের চেতনাকে বৈশ্বিক অঙ্গনে তুলে ধরার এটি একটি চমৎকার প্রয়াস।
অবশ্য পুরোনো পাসপোর্টধারীদের এক্ষুণি পাসপোর্ট পরিবর্তনের প্রয়োজন নেই। বিদ্যমান পাসপোর্টের মেয়াদ শেষ হলে নবায়নের আবেদনের সময় নাগরিকেরা এই নতুন সংস্করণের পাসপোর্ট পাবেন।











