সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে দুই মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৯ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম লিটন আহমেদ। তিনি গণমাধ্যমকে জানান, খিলগাঁও থানার হত্যা মামলা এবং মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় রুল অ্যাবসুলেট করে ব্যারিস্টার সুমনকে জামিন দিয়েছেন আদালত।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর মধ্যরাতে মিরপুর থেকে গ্রেপ্তার হওয়া এই সাবেক স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও হবিগঞ্জে একাধিক মামলা দায়ের করা হয়েছিল।
এর আগে হাইকোর্ট থেকে আরও তিনটি মামলায় তিনি জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সেগুলো আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া বিচারিক আদালতে এখনও তাঁর দুটি মামলা বিচারাধীন রয়েছে।












