পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার উপকণ্ঠে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩২ জন খনিশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন খনির ভেতরে আটকা পড়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সংঘটিত এ দুর্ঘটনার পর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খনির ভেতরে মিথেন গ্যাস জমে বিস্ফোরণটি ঘটে। এতে খনির একটি বড় অংশ ধসে পড়ে এবং বেশ কয়েকজন শ্রমিক ভেতরে আটকা পড়েন।

শুক্রবার (৩১ জুলাই) ভোরে বেলুচিস্তান প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত ২৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি খনির ভেতরে আরও তিনজনের মরদেহের অবস্থান শনাক্ত হয়েছে। সেগুলো উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারীরা।

দুর্ঘটনার ১২ ঘণ্টারও বেশি সময় পরও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, খনি উদ্ধারকারী দল ও অন্যান্য জরুরি সেবা সংস্থার সদস্যরা। তবে দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় জীবিত কাউকে উদ্ধারের আশা অনেকটাই কমে এসেছে।

এর আগে বেলুচিস্তানের প্রধান খনি পরিদর্শক মুহাম্মদ আতিফ জানিয়েছিলেন, বিস্ফোরণের সময় খনিটির ভেতরে মোট ৩৬ জন শ্রমিক কাজ করছিলেন। অঞ্চলের জ্যেষ্ঠ সরকারি খনি কর্মকর্তা আবদুল গনি বেলুচ জানান, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে পাশের আরও দুটি কয়লাখনি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে পড়েছে।