জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরতে চাইলে সরকার প্রস্তুত আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
দেশে ফিরলে শেখ হাসিনা অবশ্যই গ্রেপ্তার হবেন বলে জানিয়েছেন জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‘উনি (শেখ হাসিনা) বলছেন আসবেন। তো উনি আসুক, আমরা প্রস্তুত আছি।’
মঙ্গলবার (৪ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী শেখ হাসিনার বক্তব্য প্রচার থেকে বিরত থাকার বিষয়ে সংশ্লিষ্টদের আবারও সতর্ক করা হবে। তিনি বলেন, আদালতের আদেশ কার্যকর থাকা পর্যন্ত তা মেনে চলা প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের দায়িত্ব।
তবে কেউ যদি আদালতের এ সিদ্ধান্তের সঙ্গে একমত না হন, তাহলে তিনি আইনগতভাবে আদালতে গিয়ে রায় চ্যালেঞ্জ করতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, আদালত নতুন সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বিদ্যমান নির্দেশনা অনুসরণ করতেই হবে।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তিনি বলেন, সরকার তাকে দেশে এনে আইনের মুখোমুখি করতে চায় এবং দেশে ফিরলে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
জাহেদ উর রহমান আরও বলেন, শেখ হাসিনা যদি নিজেই দেশে ফিরে আসেন, তাহলে সরকার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।












