দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১২৪ জনের শরীরে রোগটি শনাক্ত করা হয়েছে এবং সন্দেহজনক রোগী হিসেবে চিহ্নিত হয়েছেন ৯৫৯ জন।
বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৮টা থেকে ৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই হিসাব নেওয়া হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৭৫৮ শিশুর মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মারা গেছে ৯৬ জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৮৫৪ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া পাঁচজনই ঢাকা বিভাগের বাসিন্দা। তবে এ সময়ে পরীক্ষায় কারও হামজনিত মৃত্যু নিশ্চিত হয়নি।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১২৪ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৫৫ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৯০৫ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ভর্তি হয়েছেন ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন। অন্যদিকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১১ হাজার ৫ জন।












