রাজধানী ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৬ আগস্ট) বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত সভায় এ নির্দেশনা দেন তিনি।

সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, দূষণ নিয়ন্ত্রণে নদীপাড়ের শিল্পকারখানাগুলোতে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপন ও ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হবে, যাতে কোনো অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীতে না পড়ে। পরিবেশ রক্ষায় এই নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

ডিএসসিসি প্রশাসক আরও স্পষ্ট করেন যে, নদী বাঁচানোর এই বিশেষ অভিযান পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারিত করা হলেও প্রাথমিক ধাপে ঢাকার চারপাশের নদীগুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু হচ্ছে।